জাতীয়

জাতিসংঘ সভাপতি পদে বাংলাদেশের খলিলুর: ৪ দশক পর নতুন মোড়

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন আগামী ২ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এশিয়া-প্যাসিফিক গ্রুপ অব স্টেটস থেকে এবারের সভাপতি নির্বাচিত হওয়ার কথা। এই গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা দেশের কূটনৈতিক অঙ্গনে এক নতুন মোড় এনেছে। প্রায় চার দশক পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে লড়ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুরুতে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হলেও, তিনি বর্তমানে দায়িত্বে না থাকায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেই নতুন প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই ড. খলিলুর রহমানকে এই পদে মনোনীত করেছেন এবং ভোটের আগে সমন্বিত কূটনৈতিক প্রচারণার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন।

আগামী সেপ্টেম্বর মাস থেকে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা। তার আগে ২ জুন নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে এই সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন সাইপ্রাসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি আন্দ্রেয়াস এস কাকোরিস।

আলোচনায় থাকলেও ফিলিস্তিন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে। ফিলিস্তিন দাবি করেছে, কয়েকটি দেশের কূটনৈতিক চাপের মুখে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। এই প্রত্যাহার বাংলাদেশের জন্য কিছুটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে ১৯৮৬-৮৭ মেয়াদে ৪১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী। এরপর বাংলাদেশ ২০২১ সালে ৭৬তম এবং ২০১৬-১৭ মেয়াদে ৭১তম অধিবেশনে সহসভাপতির দায়িত্ব পালন করেছে। দীর্ঘ বিরতির পর এবার সভাপতি পদে বাংলাদেশের প্রার্থীকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে। কূটনৈতিক তৎপরতা জোরদার করে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ পদটি জয়ের চেষ্টা চালাচ্ছে

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button