যমুনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সরছেন অধ্যাপক ইউনূস

রাজধানীর হেয়ার রোডে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাকে তার সরকারি বাসভবন হিসেবে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের প্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
বর্তমানে সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যমুনায় অবস্থান করছেন। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি শুক্রবার তিনি যমুনা ত্যাগ করবেন। এর পর প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উঠবেন।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই যমুনাকে সরকারি বাসভবন হিসেবে ব্যবহারের অভিপ্রায় ব্যক্ত করেছেন। পূর্বে জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকাকে প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে বিবেচনা করা হলেও, সময়স্বল্পতাসহ কয়েকটি কারণে ওই দুটি স্থান চূড়ান্ত হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান গুলশানে তার নিজস্ব বাসভবনে থাকছেন এবং সেখান থেকেই আবদুল গণি রোডের সচিবালয় ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন।
এদিকে, সরকারি আবাসন পরিদপ্তর গত বুধবার (২৪ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বাসা বরাদ্দের কাজ শেষ করেছে। প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে স্থানান্তর প্রশাসনিক কর্মকাণ্ডে আরও গতি আনবে এবং তার যাতায়াতজনিত সময় বাঁচাবে বলে আশা করা হচ্ছে।





