ডিএমপি কমিশনার কে হচ্ছেন? তিন গ্রুপে বিভক্ত পুলিশ বাহিনী, তোলপাড় চলছে!

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার কে হবেন, তা নিয়ে পুলিশ বাহিনীতে চলছে জোর আলোচনা। নতুন আইজিপি ও র্যাবের ডিজি নিয়োগের পর থেকেই এই প্রভাবশালী পদটি নিয়ে বিভিন্ন প্রভাবশালী কর্মকর্তা তাদের পছন্দের ব্যক্তিকে বসাতে তৎপর। নিজেদের বলয়ের কর্মকর্তাদের ডিএমপির প্রধান হিসেবে দেখতে চাইছেন তারা। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, শিগগিরই এই বিভাগে নতুন মুখ দেখা যাবে।
গত ২৪ ফেব্রুয়ারি নতুন আইজিপি হিসেবে আলী হোসেন ফকির দায়িত্ব নেওয়ার পরদিন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী পদত্যাগ করেন। এরপর থেকে অতিরিক্ত কমিশনার (সুপার নিউমারারি অতিরিক্ত আইজিপি) মো. সরওয়ার ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করছেন। দেড় মাস পর তিনি অবসরে যাবেন বলে জানা গেছে। সাজ্জাত আলীর অবসরের পর থেকেই নতুন কমিশনারের পদায়নের জন্য তোড়জোড় শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনাগোনা বেড়েছে। তারা বিগত সরকার আমলে প্রত্যাশিত পদায়ন না পাওয়ার বিষয়টিও নজরে আনছেন।
নতুন ডিএমপি কমিশনার পদের জন্য এখন পর্যন্ত দুজন কর্মকর্তা এগিয়ে আছেন। তারা হলেন, পুলিশ ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা ও রেলওয়ে পুলিশের প্রধান ব্যারিস্টার জিল্লুর রহমান এবং পুলিশ ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ও ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার মো. ফারুক। তবে, বর্তমান আইজিপি নিজের জুনিয়র ব্যাচের কাউকে ডিএমপি কমিশনার হিসেবে চান বলে পুলিশ মহলে গুঞ্জন রয়েছে। একইসাথে ১৫ ব্যাচের কর্মকর্তাদেরও দাবি, তাদের ব্যাচ থেকেই যেন ডিএমপি প্রধান নিয়োগ দেওয়া হয়। এতে পদায়নের ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে। এছাড়া, বিগত ১৫ বছরে পদবঞ্চিতদের পক্ষ থেকেও ডিএমপি কমিশনার পদে নিয়োগের ক্ষেত্রে তাদের দাবি তুলে ধরা হচ্ছে।
ডিএমপি কমিশনারের পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকেই প্রায় ৩২ হাজার পুলিশ সদস্যকে পরিচালনা করতে হয় এবং রাজধানী ঢাকার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষা করতে হয়। সরকার একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা খুঁজছে, যিনি বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সরকারকে সহযোগিতা করতে পারবেন। তবে, ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের অবসরের সময়ের মধ্যে নতুন কমিশনার নিয়োগ দেওয়া সম্ভব হবে কিনা, তা নিয়েও চলছে নানা জল্পনা।





