ডিজেল নেই, বোরো নিয়ে শঙ্কা! কৃষকদের চোখে জল, সর্বনাশ হওয়ার পথে

সারাদেশ জুড়ে তীব্র ডিজেল সংকটের কারণে কৃষকরা চরম বিপাকে পড়েছেন। বোরো ধানের মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে জমিতে সেচ দিতে না পারায় ফসল উৎপাদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। বিভিন্ন জেলার পাম্প ও খুচরা বাজারে বেশি দাম দিয়েও প্রয়োজনীয় ডিজেল পাওয়া যাচ্ছে না।
বিশেষ করে উত্তরাঞ্চলে, যেখানে বোরো চাষ ডিজেলচালিত সেচ ব্যবস্থার উপর অনেকাংশে নির্ভরশীল, সেখানে এই সংকট আরও গভীর। রাজশাহী, নওগাঁ, কুড়িগ্রাম, শেরপুর, ও খুলনা অঞ্চলের কৃষকরা জানিয়েছেন, ডিজেলের অভাবে সেচ পাম্প বন্ধ থাকায় তাদের ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে ডিজেল কিনতে হচ্ছে, তাও পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে বেশি দামে কিনেও অনেক সময় ডিজেল পাওয়া যাচ্ছে না, ফলে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহত্তর রাজশাহী অঞ্চলে প্রায় তিন লাখ ৫২ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা রয়েছে, যার প্রায় ২১ শতাংশ ডিজেলচালিত সেচ পাম্পের ওপর নির্ভরশীল। এই সংকট চলতে থাকলে বোরো উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
মানিকগঞ্জে কেবল কৃষিকাজ নয়, জ্বালানি সংকটে চরাঞ্চলের সাধারণ মানুষের যাতায়াতও বন্ধ হয়ে গেছে। ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলার চলাচল করতে না পারায় চরাঞ্চল থেকে বাজারে সবজি সরবরাহ বন্ধ হয়ে গেছে, ফলে স্থানীয় বাজারে সবজির দামও বেড়েছে।
কৃষকরা আশঙ্কা করছেন, দ্রুত ডিজেল সরবরাহ স্বাভাবিক না হলে তাদের ফসল উৎপাদন ক্ষতির মুখে পড়বে এবং খাদ্য নিরাপত্তায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে।





