হঠাৎ দেশজুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস! যা হতে চলেছে বিস্তারিত

দেশের সাতটি অঞ্চলে শক্তিশালী ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।
বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিসের তথ্যমতে, ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের একটি বর্ধিতাংশ অবস্থান করছে। এছাড়া দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিদ্যমান রয়েছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হওয়ার আশঙ্কা করা হচ্ছে।





