জাতীয়

হাতিয়ায় নির্বাচিত এমপির ওপর হামলা: প্রশ্নবিদ্ধ আইনশৃঙ্খলাবাহিনি

নোয়াখালী-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। আজ দুপুরে হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজখবর নিতে হান্নান মাসউদ সেখানে গিয়েছিলেন।

জাতীয় নাগরিক পার্টির অভিযোগ অনুযায়ী, স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের ‘পুনর্বাসিত গুণ্ডা বাহিনী’র সদস্যরা অতর্কিতভাবে এই হামলা চালায়। এই হামলায় দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে একজন নির্বাচিত সংসদ সদস্যের ওপর এমন হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে।

অভিযোগ উঠেছে যে, হামলার সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা হামলা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করতে না পারার এই ঘটনা দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অভাব এবং আইনের শাসনের কার্যকারিতা নিয়েও গভীর দুশ্চিন্তা দেখা দিয়েছে।

জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, নির্বাচনের পর থেকে হাতিয়ায় ঘটে যাওয়া প্রতিটি হামলার তদন্ত হওয়া প্রয়োজন এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত। এই ধরনের ঘটনা জনগণের মনে নিরাপত্তাহীনতা তৈরি করছে এবং শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করছে বলে তারা উল্লেখ করেছে।

এই হামলার ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং মানুষ শান্তিতে বসবাস করতে পারে

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button