জাতীয়

গভীর সমুদ্রের ট্রলার ইঞ্জিন চুরি: দায়ে ছাত্র দলের নেতা, সাড়ে ৪ লাখ টাকার ইঞ্জিন ১১ হাজারে বিক্রি:

বরগুনার পাথরঘাটায় গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারের প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের একটি ইঞ্জিন চুরির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জসীম উদ্দীন মৃধার বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পাথরঘাটা পৌরশহরের একটি ভাঙারি দোকান থেকে ইঞ্জিনটি মাত্র ১১ হাজার টাকায় বিক্রি করার সময় জব্দ করা হয়।

ট্রলার মালিক আলমগীর খলিফা জানান, মঙ্গলবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফারহাট বাজার থেকে তার ট্রলারের ইঞ্জিনটি চুরি হয়। তিনি কিছুদিন আগে দুটি ইঞ্জিন কিনেছিলেন, যার মধ্যে একটি ছোট হওয়ায় রেখে দিয়েছিলেন। সকালে তার এক কর্মচারী ফোন করে ইঞ্জিনটি না পাওয়ার খবর দিলে তিনি বিভিন্ন স্থানে খোঁজ নিতে শুরু করেন।

পরে খবর পেয়ে তালতলা বাস স্ট্যান্ড এলাকার একটি ভাঙারি দোকানে গিয়ে তিনি ইঞ্জিনটি শনাক্ত করেন। সেখানকার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা জসিম মৃধা ইঞ্জিনটি বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছেন। আলমগীর খলিফা বিস্ময় প্রকাশ করে বলেন, যে ইঞ্জিনটি তিনি সাড়ে চার লাখ টাকায় কিনেছিলেন, তা মাত্র ১১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এই ঘটনা তার জীবিকায় ব্যাপক প্রভাব ফেলেছে।

অভিযুক্ত জসীম উদ্দীন মৃধা, যিনি চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের সালাম মৃধার ছেলে, নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমার এলাকার ছোট ভাইয়েরা একটি ইঞ্জিন নিয়ে বাজারে বিক্রি করেছে। তারা ছোট হওয়ায় ওদের কাছ থেকে মেশিন কিনতে চাচ্ছিল না। পরে আমি বিক্রি করে দিয়েছি। ওই মেশিনটা পরিত্যক্ত অবস্থায় ছিল। আমার বিরুদ্ধে যে চুরির কথা বলেছে, এটি সঠিক নয়। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য কেউ এই কাজ করছে।”

পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহেদ চৌধুরী জানান, তারা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং ভুক্তভোগীকে মামলা দায়েরের জন্য বলা হয়েছে। মামলা দায়ের হলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন। এই ঘটনায় সাধারণ মৎস্যজীবীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ তাদের কষ্টার্জিত সম্পদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button