অবশেষে ধরা খেলেন সাবেক সিএমপি কমিশনার! যা ঘটল রাতে

রাজধানীর সবুজবাগ এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার আব্দুল জলিল মণ্ডল। সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করে। ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে ঘটে যাওয়া সহিংসতা ও প্রাণহানির ঘটনায় দায়ের করা মামলায় তিনি আসামি ছিলেন বলে ডিবি সূত্র জানিয়েছে। তার বিরুদ্ধে পূর্বে থেকেই একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, যার ভিত্তিতেই এই অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাপলা চত্বরের ঘটনার সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলার অভিযুক্ত ছিলেন আব্দুল জলিল মণ্ডল। আদালতের জারি করা পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ সূত্র আরও জানায়, সম্প্রতি মামলাটির তদন্ত নতুন করে গতি পায়। বিভিন্ন তথ্য-প্রমাণ যাচাই-বাছাই এবং সাক্ষ্য সংগ্রহের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় সাবেক এই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। আব্দুল জলিল মণ্ডল ২০১৪ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৬ সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন। এর পূর্বে তিনি সিএমপিতে অতিরিক্ত কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) অতিরিক্ত মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।





