অবশেষে বিরাট শাস্তির মুখে নাসির! কী ঘটতে চলেছে?

জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন এবার বড় শাস্তির মুখে পড়তে পারেন। আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন বিয়ে করার অভিযোগে এই ক্রিকেটারের কারাদণ্ড হতে পারে। দোষী প্রমাণিত হলে নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা উভয়েই ৫ থেকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। তবে, তামিমা সুলতানা আদালতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চেয়েছেন।
গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। জানা যায়, তামিমার প্রথম স্বামী রাকিব হাসান তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন। ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এরপর তাদের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। নাসিরের শ্বাশুড়িকে অবশ্য মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার প্রথম স্বামী রাকিব হাসান এই মামলা দায়ের করেন। অভিযোগ ওঠে, তামিমা তার আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি নাসির ও তামিমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছিল।





