জাতীয়

শিক্ষার্থীর ওপর পুলিশি হামলায় ফুঁসছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসি মাসুদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযুক্ত ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের মূল দাবি, হামলায় জড়িতদের শাস্তি নিশ্চিত করা।

শিক্ষার্থীরা জানান, গত সোমবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ঢাবির নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীন বিনা কারণে পুলিশি হামলার শিকার হন। তারা প্রশ্ন তোলেন, ‘কোনো অপরাধ না করেও একজন শিক্ষার্থী কেন হামলার শিকার হবেন? রাস্তাঘাটে পুলিশ বিনা কারণে কাউকে মারবে, এই অধিকার তাদের কে দিয়েছে? সাধারণ মানুষ কি এখন রাস্তা দিয়ে নির্বিঘ্নে হেঁটে যেতে পারবে না?’ শিক্ষার্থীদের অভিযোগ, রাস্তাঘাট যেন এখন পুলিশের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। তারা ডিসি মাসুদ আলমের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন:
১. ডিসি মাসুদসহ হামলায় জড়িত প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
২. ক্যাম্পাস এলাকার ভেতরে ও বাইরে সকল অযাচিত পুলিশি কার্যক্রম বন্ধ করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।

এই হামলার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং এর আশেপাশে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। শিক্ষার্থীরা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখতে চান এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button