জাতীয়

বান্দরবানে সেনা-জেএসএস গোলাগুলিতে নিহত ১, এলাকায় নিরাপত্তা জোরদার

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দরবানের রুমা উপজেলার মুরং বাজার এলাকায় জেএসএস (মূল)-এর সশস্ত্র দলের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই অভিযানে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে এবং জেএসএস (মূল)-এর এক সদস্য নিহত হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি), সেনাবাহিনীর উপস্থিতির খবর পেয়ে জেএসএস (মূল)-এর সশস্ত্র সদস্যরা পালানোর চেষ্টা করে এবং সেনাবাহিনীর ওপর গুলিবর্ষণ করে। এতে উভয়পক্ষে ব্যাপক গুলি বিনিময় হয় এবং জেএসএস (মূল)-এর সশস্ত্র সদস্যরা নিকটস্থ একটি স্কুল ঘরে অবস্থান নেয়।

পরবর্তীতে, বাংলাদেশ সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করলে আবারও জেএসএস (মূল) ও সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়। এই গোলাগুলিতে জেএসএস (মূল)-এর সশস্ত্র সদস্য হ্লা মং মারমা (২৬) গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে বান্দরবান জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযানে ঘটনাস্থল থেকে ১টি সাবমেশিনগান (এসএমজি), ২টি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড এ্যামোনিশন, ১৪ রাউন্ড পিস্তল এ্যামোনিশন, ১টি পিস্তল পোচ, ১টি রাউটার, ৫টি রাউন্ড এসএমজি’র খালি খোসা এবং ইন্ডিয়ান রুপিসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করে রেখেছে। এ ধরনের অভিযান এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি ফেরাতে সহায়ক হবে বলে মনে করছেন সাধারণ মানুষ। স্থানীয়রা আশা করছেন, এই অভিযানের ফলে ওই এলাকায় নিরাপত্তা আরও জোরদার হবে এবং মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।

পাহাড়ি অঞ্চলে শান্তি ও স্থিতি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এই অভিযান এলাকার মানুষের মধ্যে স্বস্তি এনে দিলেও, সামগ্রিকভাবে পাহাড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠায় আরও কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে সাধারণ জনগণ।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button