জাতীয়

গণভোট অধ্যাদেশ সংসদে উঠছে না! জামায়াতের চরম আপত্তি, কী ঘটতে চলেছে?

অন্তর্বর্তী সরকারের জারি করা গণভোট অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে উত্থাপিত হচ্ছে না। সংসদীয় বিশেষ কমিটি মনে করছে, এর কার্যকারিতা শেষ হওয়ায় এটি উত্থাপনের প্রয়োজন নেই। তবে, এই সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী।

রোববার রাতে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে প্রায় সবগুলো যাচাই-বাছাই শেষে আগামী ২ এপ্রিল সংসদে প্রতিবেদন পেশ করার সিদ্ধান্ত হয়। তবে, মানবাধিকার কমিশন, পুলিশ কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়সহ বেশ কয়েকটি অধ্যাদেশ সংশোধনী আকারে সংশোধিত প্রস্তাবে সুপারিশের বিরোধিতা করেছে জামায়াত। এসব বিষয়ে দলটি নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়েছে।

গণভোট অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে উল্লেখ করে কমিটি এটিকে বিল আকারে সংসদে তোলার আবশ্যকতা দেখছে না। সরকারি দলের দাবি, এই অধ্যাদেশের অধীনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না, তাই এটিকে আইন আকারে আনার প্রয়োজন নেই।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেছেন, গণভোটের সঙ্গে গোটা জাতি জড়িত। এটি বাতিল করার সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, যদি গণভোট সংবিধানবহির্ভূত হয়, তবে একই দিনে হওয়া জাতীয় সংসদ নির্বাচন কীভাবে বৈধ হয়? জনগণের রায় কার্যকর করার দাবি জানান তিনি।

বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। যেসব বিষয়ে একমত হওয়া যায়নি, সেগুলো চূড়ান্ত আলোচনার জন্য সংসদ অধিবেশনে উত্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button