বাজেটে বিশেষ বরাদ্দ? পানিতে ডুবে শিশুর মৃত্যু যেন আর না হয়!

দেশের শিশুরা আর পানিতে ডুবে মারা যাবে না। এমন আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আসন্ন বাজেটে পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে বিশেষ বরাদ্দ দেওয়া হবে এবং জাতীয় নীতিমালায় বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে। রোববার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘পানিতে ডুবে যাওয়া প্রতিরোধে টেকসই সরকারি অর্থায়ন’ শীর্ষক এক নীতি-সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এই মর্মান্তিক ঘটনা প্রতিরোধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, “একটি শিশুর মৃত্যু মানে একটি পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়া।” জানা যায়, দেশে প্রতিদিন গড়ে প্রায় ৪০ জন শিশু পানিতে ডুবে মারা যায়, যা এক নীরব জাতীয় সংকটে পরিণত হয়েছে। তবে সরকার শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কমিউনিটিভিত্তিক শিশু-যত্ন কেন্দ্র চালু রাখা, সাঁতার প্রশিক্ষণ এবং পরিবার পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মতো উদ্যোগ বিবেচনা করছে।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে প্রতিবছর ১৪ হাজারের বেশি শিশু পানিতে ডুবে মারা যায় এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের মৃত্যুর প্রধান কারণগুলোর একটি এটি। নীতি-সংলাপে অংশগ্রহণকারীরা টেকসই সরকারি বিনিয়োগ, বহুপক্ষীয় অংশীদারিত্ব এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। আশা করা হচ্ছে, এই নীতি-সংলাপের সুপারিশ বাস্তবায়িত হলে দেশে পানিতে ডুবে শিশুমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।





