বিশ্ব ব্যাংকের বড় আশ্বাস! এবার ফ্যামিলি কার্ডে মিলছে এই বিশাল সহযোগিতা

বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জিন পেসমে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রোববার সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এর সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই আশ্বাস প্রদান করেন। এছাড়াও, সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৈঠকে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, এখন পর্যন্ত ৩৭,৫৬৭টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হয়েছে, যারা প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। মন্ত্রী আরও জানান, আগামী চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যা প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি বহন করবে।
বিশ্ব ব্যাংকের বিভাগীয় পরিচালক জিন পেসমে সরকার কর্তৃক পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর এই উদ্যোগকে সামাজিক সুরক্ষা জোরদার করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন। বৈঠকে উভয় পক্ষ ফ্যামিলি কার্ডের টেকসই বাস্তবায়নে যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মত হন।





