জাতীয়

সৌদি আরবে ধর্মমন্ত্রীর প্রথম সফর! উমরাহ নিয়ে কী আসছে বড় ঘোষণা?

সৌদি আরবে ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রথম সরকারি সফরে পৌঁছেছেন। তাঁর এই সফরে উমরাহ যাত্রীদের সেবা উন্নত এবং ধর্মাচার পালনে সহায়তা প্রদানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তৃতীয় উমরাহ ও ভিজিট ফোরামের সভায় অংশ নিতে ধর্মমন্ত্রী শনিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশে রওনা দেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর আমন্ত্রণে এই সভায় অংশগ্রহণ করছেন তিনি। আগামী ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত মদিনার কিং সালমান আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় কর্তৃক উমরাহ যাত্রীদের সেবার মান বৃদ্ধি এবং অধিক সংখ্যক মানুষকে ধর্মাচার পালনে সহায়তা প্রদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে।

মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান বিন আবদুল আজিজ আল সউদের পৃষ্ঠপোষকতা ও উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হবে। এছাড়াও, ধর্মমন্ত্রী সৌদি হজ ও উমরাহ মন্ত্রীর সঙ্গে একটি পৃথক বৈঠকে মিলিত হবেন। তিনি এ বছরের হজ কার্যক্রমের অগ্রগতি নিয়ে বাংলাদেশ হজ মিশনের কর্মকর্তাদের সঙ্গে একটি পর্যালোচনা সভাও করবেন এবং বাংলাদেশি হজযাত্রীদের জন্য ভাড়াকৃত হোটেলগুলো পরিদর্শন করবেন। আগামী ৫ এপ্রিল ধর্মমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button