জাতীয়

অবাক করা ‘বৈশাখী ভাতা’: ২৫০০ টাকা পাওয়ার আশায় যা ঘটল!

পহেলা বৈশাখ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা ‘বৈশাখী বোনাস’ দেওয়া হচ্ছে—এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে একটি নির্দিষ্ট লিঙ্কে রেজিস্ট্রেশন করলেই নাকি ২ মিনিটের মধ্যে টাকা পাওয়া যাবে এমন দাবি করা হচ্ছে। তবে, ফ্যাক্টচেক রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক।

অনুসন্ধানে দেখা গেছে, ‘বৈশাখী উপহার ও ভাতা ২০২৬’ শিরোনামে একটি পেজ তৈরি করে সেখানে অনলাইনে আবেদন করলেই প্রতিটি পরিবার ২৫০০ টাকা পাবে বলে লোভ দেখানো হচ্ছে। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, যেমন মোবাইল নম্বর দিয়ে ফরম পূরণ করতে বলা হচ্ছে। এরপর ২৪ ঘণ্টার মধ্যে অর্থ প্রাপ্তির আশ্বাস দেওয়া হয়। কিন্তু লিঙ্কে ক্লিক করলে দেখা যায়, এটি কোনো বৈধ আবেদন ফরম নয়, বরং একটি বেটিং সাইটে (luckydraw) নিয়ে যাওয়া হচ্ছে।

এ ধরনের প্রতারণামূলক ওয়েবসাইটগুলো ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ‘ফ্রি মানি’ বা ‘ওয়েলকাম বোনাস’-এর মতো লোভনীয় প্রস্তাব দেয়। পরবর্তীতে অর্থ উত্তোলনের জন্য নানা শর্ত জুড়ে দেয়, যেমন – নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দেওয়া অথবা ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়া।

এছাড়াও, ‘incomebd.online’ নামের ওয়েবসাইটটির ডোমেইন সরকারি ডোমেইন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সাধারণত সরকারি তথ্য ‘.gov.bd’ যুক্ত ওয়েবসাইটে প্রকাশিত হয়। whois.com এর মাধ্যমে ডোমেইনটি পরীক্ষা করে দেখা যায়, এটি মাত্র তিন দিন আগে নিবন্ধিত হয়েছে। যে ফেসবুক পেজ (‘Dr Zubaida Rahman’) থেকে এই দাবি প্রচার করা হচ্ছে, সেটিও নির্ভরযোগ্য কোনো স্বীকৃত উৎস নয়।

সবচেয়ে বড় কথা, সরকারের পক্ষ থেকে পহেলা বৈশাখ উপলক্ষে এ ধরনের কোনো আর্থিক সহায়তা বা বোনাস ঘোষণার কোনো তথ্য মূলধারার গণমাধ্যম, প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ বা কোনো সরকারি ওয়েবসাইটে পাওয়া যায়নি। অতীতেও এমন প্রতারণামূলক লিংকের মাধ্যমে আইডি হ্যাক, ব্যক্তিগত তথ্য চুরি এবং ব্ল্যাকমেইলের ঘটনা ঘটেছে। তাই, পহেলা বৈশাখ উপলক্ষে ২৫০০ টাকা ভাতা দেওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button