বিএনপি নেতাকে কুপিয়ে জন্ম দিল নতুন আতঙ্ক! মন্ত্রীর শেল্টারে সন্ত্রাসীরা?

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিএনপি নেতা মোহাম্মদ আলীর ওপর বর্বরোচিত হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রতিবাদে শনিবার সুনামগঞ্জ শহরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভুক্তভোগী পাথারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মমিন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, গত ২২ মার্চ সন্ধ্যায় স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী, মাদক ও জুয়ার গডফাদার আঙ্গুর মিয়া ও তার দল বিএনপি নেতা মোহাম্মদ আলীর ওপর হামলা চালায়। হামলায় মোহাম্মদ আলীর মাথায় ও গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে, বর্তমানে তিনি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।
আব্দুল মমিন জানান, ঘটনার কয়েকদিন আগে আঙ্গুর মিয়ার ভাগ্নে জাবেদ এলাকার সাধারণ মানুষকে ফোনে গালিগালাজ করে। এ নিয়ে সালিশের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও, আঙ্গুর মিয়ার লোকজন সালিশের রায় না মেনে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এই তাণ্ডব চালায়। তিনি আরও অভিযোগ করেন, আঙ্গুর মিয়া সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান ও তার ছেলে সাদাত মান্নানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বর্তমানেও জলমহাল দখল, জুয়া ও মাদক ব্যবসার মাধ্যমে সে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করছে। আঙ্গুর মিয়া ও তার পরিবার নিরীহ মানুষের নামে মানহানিকর তথ্য প্রচার ও হয়রানিমূলক মামলা দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। দ্রুত প্রশাসনের কাছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।





