জাতীয়

তারেক রহমানের সঙ্গে সম্পর্ক জোরদারের ভারতীয় বার্তা: সুসম্পর্কের স্বপ্নে আশান্বিত বাংলাদেশ

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতের এই বার্তা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে লোকসভার স্পিকার ওম বিড়লা যোগ দেন এবং তিনি নরেন্দ্র মোদির একটি অভিনন্দন বার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। একই সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ওম বিড়লার দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

জয়সওয়াল আরও যোগ করেন, এই বার্তায় একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করার প্রতি ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করছে ভারত। ব্রিফিংয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার ভিসা কার্যক্রম নিয়েও কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির আলোচনা হবে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছিল। এমনকি অন্তর্বর্তী সরকারের সময়ে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। তবে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কোন্নয়নের পথ প্রশস্ত হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাধারণ মানুষও আশা করছে, এই সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ এবং ভিসা প্রক্রিয়া সহজ হওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button