বগুড়ায় ট্রেন লাইনচ্যুত…প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা

ঈদের আগে বগুড়ার আলমদীঘিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে জরুরি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হওয়ায় শতাধিক যাত্রী আহত হন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জনতা টাইমসকে জানান, বুধবার সন্ধ্যায় দুর্ঘটনার খবর পেয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেন। তিনি সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা, দুর্ঘটনা কবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার করা, যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করা এবং আটকে পড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য সব ধরনের পদক্ষেপ নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন সরকারপ্রধান। ঈদযাত্রায় ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করতে প্রশাসনকে সক্রিয় থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, বুধবার দুপুর আড়াইটার দিকে ঢাকা থেকে নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি বগুড়ার আলমদীঘিতে লাইনচ্যুত হয়। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিজের সাবেক নির্বাচনি এলাকা হওয়ায় এই দুর্ঘটনার প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর ছিল।
এই নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে ঈদযাত্রায় দুর্ঘটনার শিকার যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে বলে আশা করা হচ্ছে। দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করে রেল যোগাযোগ স্বাভাবিক করার দিকে এখন সকলের নজর।





