জাতীয়

বদলে যাবে চিকিৎসা: ৩ মাসেই আসছে হেলথ কার্ড!

আগামী তিন মাসের মধ্যে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল হেলথ কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এই কার্ডের মাধ্যমে একজন ব্যক্তির সকল স্বাস্থ্য তথ্য সংরক্ষিত থাকবে, যা চিকিৎসা সেবাকে আরও সহজ ও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (১৮ মার্চ) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ হলরুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দেন। তিনি জানান, হেলথ কার্ড একটি বিজ্ঞানসম্মত ডিজিটাল কার্ড, যেখানে একজন ব্যক্তির জিনগত তথ্য থেকে শুরু করে কোথায় কোন ডাক্তার দেখিয়েছেন, সব রেকর্ড থাকবে। এর ফলে দেশের যেকোনো প্রান্ত থেকে ডাক্তার দেখালে মুখে কিছুই বলতে হবে না; কার্ডের মাধ্যমেই রোগীর অতীত ইতিহাস জানা যাবে, যা দ্রুত ও সঠিক চিকিৎসায় সহায়ক হবে।

স্বাস্থ্যমন্ত্রী তাঁর বক্তব্যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে এবং আগামী মাসের মধ্যে কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়া হবে। এছাড়া, কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করা হয়েছে। সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, এই সরকার জনগণের কাছে দায়বদ্ধ এবং প্রতিটি মন্ত্রণালয়ে জনগণের কল্যাণে সজাগ দৃষ্টি রেখে কাজ করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, প্রত্যেক ইউনিয়নের মসজিদ, মন্দির ও গোরস্থানের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ করা হয়েছে। একটি দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত সমাজ গঠনে মন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন।

এই ডিজিটাল হেলথ কার্ড চালু হলে দেশের স্বাস্থ্যসেবায় এক নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যা নাগরিকদের জন্য আরও উন্নত ও সমন্বিত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button