জাবি হলে ঝুলন্ত লাশ: একা কক্ষে কী ঘটলো?

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শের ই বাংলা এ কে ফজলুল হক আবাসিক হলের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দুপুরে হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত শিক্ষার্থীর নাম কনিষ্ক মাঝি। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। হলের শিক্ষার্থীরা জানান, ঈদের ছুটিতে কনিষ্কের কক্ষের অন্য সহপাঠীরা বাড়িতে থাকায় তিনি একাই ছিলেন। বুধবার দুপুর ২টার দিকে সামনের কক্ষের এক শিক্ষার্থী কনিষ্কের দরজায় নক করে সাড়া না পেয়ে আরও একজনকে ডেকে আনেন। দীর্ঘক্ষণ সাড়া না মেলায় তারা জানালার কাঁচ ভেঙে ভেতরে উঁকি দিলে কনিষ্ককে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে তাকে মৃত অবস্থায় পান শিক্ষার্থীরা।
এ ঘটনার খবর দ্রুত ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। হলের পরিবেশ হয়ে ওঠে ভারাক্রান্ত। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে আসার পর লাশ নামানোর ব্যবস্থা করা হবে।
কী কারণে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে।





