জাতীয়

যমুনা সেতুতে ঈদযাত্রার চাপ: একদিনেই পার ৪৬ হাজার, টোল ৩ কোটি

ঈদ উপলক্ষে যমুনা সেতুতে যানবাহনের চাপ বহুগুণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে, যা থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৬৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১৬ মার্চ রাত ১২টা থেকে ১৭ মার্চ রাত ১২টা পর্যন্ত, অর্থাৎ ২৪ ঘণ্টায়, এই বিপুল সংখ্যক যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে ১৯ হাজার ৪৪৫টি গাড়ি ছিল ঢাকাগামী এবং ২৭ হাজার ৪৯৮টি যানবাহন ছিল উত্তরবঙ্গগামী।

যমুনা সেতুর নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জনতা টাইমসকে জানিয়েছেন, স্বাভাবিক দিনের তুলনায় বর্তমানে যানবাহনের চাপ প্রায় তিনগুণ বেড়েছে। ঈদ উপলক্ষে ঘরে ফেরা ও ঢাকায় ফেরার যাত্রীদের জন্যই মূলত এই চাপ সৃষ্টি হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অতিরিক্ত টোল বুথ খোলা হয়েছে। সাধারণত ৯টি টোল বুথ থাকলেও, অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে বর্তমানে ৯ থেকে ১৮টি বুথে টোল আদায় চলছে। এছাড়া, মোটরসাইকেলের জন্য দুই পাড়ে দুটি পৃথক বুথ চালু করা হয়েছে, যাতে দ্রুত টোল আদায় সম্ভব হয় এবং যানজট এড়ানো যায়।

ঈদের আর মাত্র কদিন বাকি। এই সময়ে যমুনা সেতুতে যানবাহনের চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সেতু কর্তৃপক্ষ ঈদযাত্রায় যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button