ঈদের সম্ভাব্য তারিখ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে জ্যোতির্বিজ্ঞানীরা নতুন পূর্বাভাস দিয়েছেন। তাদের হিসাব অনুযায়ী, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপনের তারিখে ভিন্নতা আসতে পারে।
শারজাহ একাডেমী ফর অ্যাস্ট্রোনমি স্পেস সাইন্সেস এন্ড টেকনোলজির জ্যোতির্বিজ্ঞানীদের তথ্যমতে, জ্যোতির্বৈজ্ঞানিক গণনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২০ মার্চ শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর পালিত হতে পারে। অন্যদিকে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা বেশি।
একাডেমির পর্যবেক্ষণে বলা হয়েছে, রমজানের ২৯তম দিন, অর্থাৎ ১৮ মার্চ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা প্রায় নেই। কারণ ওই দিন সূর্যাস্তের আগেই চাঁদ অস্ত যাবে। ফলে, ১৯ মার্চ রমজানের শেষ দিন হিসেবে গণ্য হওয়ার সম্ভাবনা প্রবল। এছাড়া, ১৯ মার্চ ভোরে নতুন চাঁদের সংযোগ ঘটলেও সূর্যাস্তের সময় চাঁদের বয়স, অবস্থান এবং দৃশ্যমানতার সময় খুবই কম থাকবে। এই কারণে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অঞ্চলে খালি চোখে চাঁদ দেখা প্রায় অসম্ভব বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে, ভৌগোলিক অবস্থানের ভিন্নতার কারণে কিছু পশ্চিমাঞ্চলীয় আরব ও মুসলিম দেশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে বলেও তারা উল্লেখ করেছেন।
এই পূর্বাভাস মুসলিম বিশ্বে ঈদ উদযাপনের পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে। চন্দ্রমাস এবং চাঁদ দেখার ওপর নির্ভরশীল ঈদ হওয়ায়, চূড়ান্ত সিদ্ধান্ত জানতে এখন সরকারি চাঁদ দেখা কমিটির ঘোষণার অপেক্ষায় থাকতে হবে মুসলিম উম্মাহকে।





