সংসদে কালিমা তাইয়্যেবা, প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন বার্তা…

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে স্পিকারের চেয়ার বরাবর উঁচু দেয়ালে পবিত্র কালিমা তাইয়্যেবা ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা আরবি ক্যালিগ্রাফি স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এই ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়।
গতকাল বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো সংসদ সচিবালয়ে অফিস করেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তার অফিস চলাকালে তিনি সংশ্লিষ্ট শাখাকে পবিত্র কালিমা তাইয়্যেবার এই ক্যালিগ্রাফিটি অধিবেশন কক্ষে স্থাপনের নির্দেশ দেন।
সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর প্রাক্কালে এমন একটি ধর্মীয় ক্যালিগ্রাফি স্থাপন দেশের রাজনৈতিক ও সামাজিক মহলে নতুন আলোচনার জন্ম দিতে পারে বলে মনে করছেন অনেকে। এটি সরকারের পক্ষ থেকে একটি বিশেষ বার্তা কিনা, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এই নতুন সংযোজন নিয়ে অধিবেশন চলাকালে এবং তার পরবর্তী সময়ে জনমনে কী ধরনের প্রতিক্রিয়া হয়, সেদিকেই এখন সবার দৃষ্টি।





