বিএনপি নেতা গ্রেপ্তার: বাড়িতেই মিলল ইয়াবার ব্যাবসা, ক্রেতা সেজে গিয়েছিলেন ডিএনসি কর্মকর্তা

বরিশালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ স্থানীয় বিএনপি নেতা মো. এনামুল হককে (৪৫) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (১১ মার্চ) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এনামুল হক রহমতপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং ক্ষুদ্রকাঠী গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, এনামুল দীর্ঘদিন ধরে তার বাড়ির দোতলায় বসে অভিনব কায়দায় রশির মাধ্যমে ইয়াবা বিক্রি করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তার বাড়িতে প্রতিদিন বহিরাগতদের আনাগোনা ছিল এবং পরিবারের সদস্যদের একাধিকবার প্রতিবাদ সত্ত্বেও তিনি এই অবৈধ কারবার চালিয়ে যাচ্ছিলেন।
অভিযানের সময় ডিএনসি কর্মকর্তারা ছদ্মবেশে ক্রেতা সেজে তার কাছে যান। পরে দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৬ লাখ ৫৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক হাওলাদার মো. সিরাজুল ইসলাম জনতা টাইমসকে জানান, “আমরা এনামুলের ঘরে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করেছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” এই ঘটনায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই গ্রেপ্তার এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেবে বলে মনে করছেন স্থানীয়রা।





