জাতীয়

উত্তরায় গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলি: আতঙ্কে এলাকাবাসী

রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের একটি বাড়িতে মোটরসাইকেলযোগে এসে গুলি চালিয়ে পালিয়ে গেছে দুই হেলমেটধারী দুর্বৃত্ত। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সংঘটিত এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, চারতলা বাড়িটির নাম ‘জান্নাত’ এবং এটি গার্মেন্টস ব্যবসায়ী আবুল কাশেমের। তিনি এ কে এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ব্যবসায়ীর এক আত্মীয় পরিচয় দেওয়া এক ব্যক্তি জানান, হেলমেট পরা দুই ব্যক্তি মোটরসাইকেলে এসে বাড়ির সামনে দুই রাউন্ড গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়ির সামনে থেকে দুইটি তাজা গুলির খোসা উদ্ধার করে পুলিশ। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলাকারীরা প্রথমে বাড়িটি ঘুরে দেখে এবং আশপাশে লোকজন কমে গেলে পুনরায় ফিরে এসে গুলি চালিয়ে পাশের গলি দিয়ে দ্রুত সরে পড়ে।

এ বিষয়ে বাড়ির মালিক আবুল কাশেম বা তার পরিবারের কেউ মন্তব্য করতে রাজি হননি। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা রফিকুল ইসলাম জানান, গুলির সময় তিনি পার্কিং এলাকায় ছিলেন এবং অন্য নিরাপত্তাকর্মী মনির গার্ডরুমে খাবার খাচ্ছিলেন। হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা গুলি করে পালিয়ে যায়।

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি বাড়ির স্টিলের গেটে দুই রাউন্ড গুলি চালিয়েছে। এতে কোনো হতাহত হয়নি। ঘটনার পর র‍্যাব, পুলিশ, ডিবি ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও আলামত উদ্ধার করেছেন।

প্রকাশ্য দিবালোকে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারা এই হামলার পেছনে জড়িত এবং এর উদ্দেশ্য কী, তা জানতে তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button