ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যার প্রধান আসামির যবান বন্দি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রবিবার পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকা থেকে দেশটির স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা তাদের আটক করে। এই গ্রেপ্তারের ফলে দীর্ঘদিনের আলোচিত এই হত্যা মামলার তদন্তে নতুন মোড় আসার সম্ভাবনা দেখা দিয়েছে।
রবিবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক্সে দেওয়া এক পোস্টে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে, যেখানে এসটিএফের একটি সংবাদ বিজ্ঞপ্তি তুলে ধরা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ (৩৭) এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা বাংলাদেশে রাজনৈতিক কর্মী ওসমান হাদিকে হত্যা করে মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর তারা ভারতের বিভিন্ন এলাকায় লুকিয়ে ছিল এবং অবশেষে পশ্চিমবঙ্গের বনগাঁও এলাকায় এসে আশ্রয় নেয়। পুলিশের ভাষ্যমতে, তারা সুযোগ পেলেই অবৈধভাবে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছিল।
এ ঘটনায় ভারতীয় পুলিশ একটি নির্দিষ্ট মামলা দায়ের করেছে। রবিবার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এই গ্রেপ্তার ভুক্তভোগী পরিবার এবং দেশের সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচারের নতুন আশা জাগিয়েছে, যা হত্যা মামলার সুষ্ঠু বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।





