জাতীয়

তারাবি নামাজ বিডিও ধারণ: জনতার রোষানলে কনটেন্ট ক্রিয়েটর

চাঁপাইনবাবগঞ্জে তারাবি নামাজের ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড দেওয়ার জেরে কাউসার আলী নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। গত শনিবার (৭ মার্চ) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। রবিবার (৮ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার একটি মসজিদে তারাবি নামাজ আদায় করা হচ্ছিল। সেই সময় কাউসার আলী নামাজ আদায়ের ভিডিও ধারণ করেন এবং পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘তারাবী সোনার মোর চাঁপাইনবাবগঞ্জ’ ক্যাপশন দিয়ে আপলোড করেন।

এই ফেসবুক পোস্টটি দ্রুত স্থানীয়দের নজরে আসে এবং তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। তারাবির নামাজ চলাকালীন ভিডিও ধারণ ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের বিষয়টিকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখেন এলাকাবাসী। ফলস্বরূপ, তারা কনটেন্ট ক্রিয়েটর কাউসার আলীর ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী কাউসার আলীকে পুলিশের হাতে তুলে দেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, এ ঘটনায় কাউসার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজ তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, কাউসার আলী এর আগেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় ভোটারদের মতামত নিয়ে ভিডিও কনটেন্ট তৈরি করে আলোচনায় এসেছিলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে গ্রেপ্তার হওয়া কাউসার আলীর পরবর্তী আইনি প্রক্রিয়া কী দাঁড়ায়, তা দেখার অপেক্ষায় রয়েছে জনতা। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরির ক্ষেত্রে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button