জাতীয়

লন্ডন হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের ঘোষণা

লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। শনিবার (৭ মার্চ) রাতে কমনওয়েলথের মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নিতে লন্ডনে পৌঁছে স্থানীয় বাংলাদেশি সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
এ সময় সাংবাদিকদের সামনে তিনি বিষয়টিকে ‘সুখবর’ হিসেবেও উল্লেখ করেন।
ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সিলেটি ও ইংরেজি মিশিয়ে হুমায়ুন কবির বলেন, “একটা সুখবর আছে। শোনেন, একটা সুখবর হইল যে, হাইকমিশনার লন্ডনে এতদিন ডিভাইসিস বিহেভিয়ারে-কনডাক্টে কমিউনিটিকে ডিভাইড করে রাখছে। এই হাইকমিশনকে আওয়ামীকরণ করার ধান্ধা নিয়া চলছিল, কমিউনিটির ধান্ধা নাই, বাংলাদেশের ইন্টারেস্ট দেখে না। তাই এই হাইকমিশনারকে প্রত্যাহার করা হয়েছে।”
এরপর তিনি ইংরেজিতে বলেন, “হাইকমিশনার আবিদা ইসলাম হ্যাজ বিন রিমুভড ফ্রম হার পোস্ট।”
তবে অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পাওয়া আবিদা ইসলামকে প্রত্যাহারের অফিস আদেশ এখনও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি মিশনগুলোতে ধারাবাহিক রদবদল শুরু করে। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের জানুয়ারিতে আবিদা ইসলামকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
কমনওয়েলথের মন্ত্রীপর্যায়ের বৈঠকে অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠকে অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছেন তিনি।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button