জাতীয়

ঘন কুয়াশা কাটতেই স্বস্তি, ২ ঘণ্টা পর ফেরি সচল!

ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৭টা থেকে বন্ধ থাকা ফেরি চলাচল কুয়াশা কেটে যাওয়ায় সকাল ৯টা ১০ মিনিটে পুনরায় স্বাভাবিক হয়।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোররাত থেকে পদ্মায় ঘন কুয়াশা অস্বাভাবিকভাবে বাড়তে থাকায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দেখতে সমস্যা হচ্ছিল। এ কারণে নৌপথে যেকোনো দুর্ঘটনা এড়াতে সকাল সাড়ে ৭টা থেকে এই রুটে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আকস্মিক এই বন্ধের ফলে দৌলতদিয়া ও পাটুরিয়া উভয় ঘাটেই শতাধিক যানবাহন আটকা পড়ে। শীতের সকালে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় থাকা যাত্রী ও চালকদের ভোগান্তিতে পড়তে হয়। বিশেষ করে জরুরি সেবার যানবাহন এবং পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ায় নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে বিঘ্ন ঘটে।

বর্তমানে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় আটকে থাকা যানবাহনগুলো ধীরে ধীরে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তবে শীতকালে ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতি আবারও তৈরি হতে পারে বলে সংশ্লিষ্টরা ও সাধারণ যাত্রীরা আশঙ্কা করছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button