পাইলটদের লাইসেন্স বিতর্কে উড়ছে প্রশ্ন, তদন্তে কী মিলবে?

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কিছু পাইলটের লাইসেন্স সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে। গত ২৮ জানুয়ারি বিমান কর্তৃপক্ষ একটি বোর্ড গঠন করেছে এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (CAAB) সঙ্গে যোগাযোগ করে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে।
সম্প্রতি একটি অজ্ঞাতনামা ইমেইলের মাধ্যমে কিছু পাইলটের লাইসেন্স নিয়ে অভিযোগ পাওয়ার পর এই যাচাই প্রক্রিয়া শুরু হয়। ২৮ জানুয়ারি গঠিত এই বোর্ড প্রশাসনিকভাবে বিষয়টি পর্যালোচনা করবে এবং CAAB-এর কাছে সংশ্লিষ্ট তথ্য যাচাই করবে। এই মুহূর্তে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এবং বিষয়টি এখনো কর্তৃপক্ষের যাচাই প্রক্রিয়াধীন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জোর দিয়ে বলেছে যে, তারা সবসময় সর্বোচ্চ নিরাপত্তা মান, পেশাগত দক্ষতা এবং নিয়ন্ত্রক বিধি মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠানটি CAAB এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে এবং সব ধরনের স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করছে।
কিছু গণমাধ্যমে যাচাইবিহীন তথ্য প্রচার হওয়ায় জনমনে অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি হতে পারে এবং দেশের বিমান চলাচল খাতের সুনাম ক্ষুণ্ণ হতে পারে বলে বিমান কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে গণমাধ্যমকে অনুরোধ করেছেন, পাইলট লাইসেন্সিং সংক্রান্ত বিষয়ে যাচাইবিহীন বা অনুমানভিত্তিক সংবাদ প্রচার থেকে বিরত থাকতে।
বাংলাদেশের বিমান চলাচল খাতের নিরাপত্তা, পেশাগত মান এবং আন্তর্জাতিক সুনাম অক্ষুণ্ণ রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিমান। এই তদন্তের ফলাফল এবং পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হয়, তার ওপর নির্ভর করছে সংশ্লিষ্ট পাইলটদের ভবিষ্যৎ এবং দেশের বিমান পরিবহন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা। আনুষ্ঠানিক তথ্য পেলে দ্রুত জানানো হবে বলে বিমান কর্তৃপক্ষ জানিয়েছে।





