আন্তর্জাতিক

মাঝসমুদ্রে জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত, বড় বিপর্যয়ের পথে হরমুজ প্রণালি…

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর জলপথ হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত বস্তুর ভয়াবহ আঘাতের ঘটনা ঘটেছে। এই ঘটনায় জাহাজটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা (ইউকেএমটিও)। ওমানের উপকূলে ঘটা এই রহস্যময় ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইউকেএমটিও জানিয়েছে, ওমানের উত্তরে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির পূর্ব অংশে অবস্থানকালে জাহাজটির ওপর অতর্কিত হামলা বা কোনো বস্তুর আঘাত আসে। এর পরপরই জাহাজের ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন ধরে যায়। নাবিকদের দীর্ঘ প্রচেষ্টায় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে থাকলেও জাহাজটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে এই আঘাত কোনো ড্রোন, মিসাইল নাকি অন্য কোনো বস্তুর মাধ্যমে এসেছে, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।

এই ঘটনার প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ার আশঙ্কা করা হচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের সিংহভাগ জ্বালানি তেল ও পণ্য সরবরাহ করা হয়। এ ধরনের হামলার ফলে সমুদ্রপথে জাহাজ চলাচলের ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির বড় সম্ভাবনা রয়েছে, যার প্রভাব পড়বে প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচে।

উল্লেখ্য, একই এলাকায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এটি দ্বিতীয় হামলার ঘটনা। কর্তৃপক্ষ বিষয়টির তদন্ত শুরু করলেও বারবার এমন ঘটনায় বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। জনমনে প্রশ্ন দেখা দিচ্ছে, এই রহস্যময় আঘাতের নেপথ্যে কারা? পরিস্থিতি কি বড় কোনো সংঘাতের দিকে মোড় নিচ্ছে?

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button