আন্তর্জাতিক

করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে রণক্ষেত্র: গুলিতে ৯ মৃত্যুতে উত্তাল পাকিস্তান…

পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই রক্তক্ষয়ী সহিংসতায় গুলিতে অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩২ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কঠোর অবস্থানে গেলেও এলাকাটি বর্তমানে রণক্ষেত্রে পরিণত হয়েছে।

রোববার (১ মার্চ) করাচির মাই কোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনস্যুলেটের কাছে এই সংঘর্ষের সূত্রপাত হয়। করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের (সিএইচকে) নির্বাহী পরিচালক ডা. মোহাম্মদ সাবির মেমন নিহতের সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, হাসপাতালে আনা প্রত্যেকের শরীরেই গুলির চিহ্ন রয়েছে। নিহতদের সবাই পুরুষ এবং আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

মূলত ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার চরম উত্তেজনার জেরে এই বিক্ষোভের সূত্রপাত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন—এমন খবরের প্রতিবাদে করাচির রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা মার্কিন কনস্যুলেটের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী বাধা দেয়, যা একপর্যায়ে নিয়ন্ত্রণহীন সংঘর্ষে রূপ নেয়।

এই মর্মান্তিক ঘটনায় সিন্ধ সরকারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। তথ্যমন্ত্রীর মুখপাত্র হুসাইন মানসুর জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ এবং পরিস্থিতির নিরপেক্ষ পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিকদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার থাকলেও সহিংসতা বা ভাঙচুর কোনোভাবেই কাম্য নয়।

বর্তমানে করাচির ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গুলিতে এত মানুষের প্রাণহানিতে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরও ঘোলাটে হওয়ার আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button