আন্তর্জাতিক

ইরানে ভয়াবহ আগ্রাসন: শিশুহত্যায় শিবিরের তীব্র প্রতিবাদ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত এবং দেশটিতে মার্কিন-ইসরায়েলি বর্বরোচিত যৌথ আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এই আগ্রাসনে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে, যার মধ্যে দক্ষিণ ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় অন্তত ৮৫ জন নিরপরাধ শিশু শিক্ষার্থীর নিহত হওয়ার খবরও রয়েছে।

রোববার এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা উল্লেখ করেন, আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদ ও জায়নবাদী শক্তির বিরুদ্ধে এক অকুতোভয় এবং আপসহীন কণ্ঠস্বর। তারা বলেন, গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে প্রকাশ্য হুমকি দিচ্ছিলেন, এই পরিকল্পিত আগ্রাসন তারই নগ্ন প্রতিফলন। আন্তর্জাতিক গণমাধ্যম অনুযায়ী, এই হামলায় ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ, আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপোর এবং নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা এবং খামেনির পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন।

নেতৃবৃন্দ এই পৈশাচিক হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে সভ্যতা ও মানবতার জন্য প্রধান হুমকি হিসেবে আখ্যায়িত করেন। তারা আরও বলেন, বর্তমান সময়ে আমেরিকা ও ইসরায়েল বিশ্বের বিভিন্ন প্রান্তে যে আধিপত্যবাদ ও আগ্রাসন চালাচ্ছে, তা বিশ্বশান্তিকে ধ্বংস করে দিচ্ছে। ফিলিস্তিনের ওপর বছরের পর বছর জায়নবাদী নির্যাতন আর বর্তমান ইরানের ওপর এই নগ্ন আক্রমণ একই সূত্রে গাঁথা। ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বিশ্বাস করেন, খামেনিকে শহীদ করার মাধ্যমে মুসলিম উম্মাহর প্রতিরোধ ভেঙে দেওয়া যাবে না, বরং এই রক্ত থেকে লক্ষ লক্ষ নতুন প্রতিবাদী কণ্ঠস্বরের জন্ম হবে।

ছাত্রশিবির শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যাকাণ্ডকে বিশ্বকে এক অনিবার্য মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলে সতর্ক করেছে। তারা বিশ্বশান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় অবিলম্বে এই আন্তঃরাষ্ট্রীয় যুদ্ধ বন্ধ করে কূটনৈতিক সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানোর দাবি জানান। একই সাথে ইরানে চলমান নৃশংস হত্যাকাণ্ড ও বেসামরিক জনগণের ওপর অব্যাহত হামলা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে দ্রুত উদ্যোগ নেওয়ার এবং বিশ্ববাসীকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button