আন্তর্জাতিক

২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা, চরম হুঁশিয়ারি…

যুক্তরাষ্ট্র সব ‘লাল রেখা’ অতিক্রম করে গেছে এবং এর জন্য তাদের চড়া মূল্য দিতে হবে বলে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এই কড়া বার্তা দেন। কালিবাফ সাফ জানিয়েছেন, দেশটি এখন থেকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দেখানো পথেই কঠোর অবস্থানে থাকবে।

মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি আধিপত্যের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো বিধ্বংসী অভিযান চালাচ্ছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, এই অঞ্চলে থাকা অন্তত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে একযোগে ‘বিস্তৃত ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালানো হয়েছে। শুধু মার্কিন ঘাঁটিই নয়, ইরানের নিশানায় ছিল ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোও।

হামলার বিবরণ দিয়ে আইআরজিসি জানায়, ইসরাইলি বিমানবাহিনী ও কমান্ড সদর দপ্তরেও আঘাত হানা হয়েছে। বিশেষ করে তেলআবিবের হাকিরিয়ায় ইসরাইলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর, নেভাতিম বিমানঘাঁটি এবং একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সকে লক্ষ্য করে এই হামলা পরিচালিত হয়।

ইরানের এই সরাসরি সামরিক অভিযানে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মনে বড় ধরনের যুদ্ধের আতঙ্ক দানা বেঁধেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই অনড় অবস্থান এবং সরাসরি মার্কিন ঘাঁটিতে আঘাত হানার ফলে ওই অঞ্চলের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এখন বিশ্ববাসীর নজর ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে। এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে, তবে সাধারণ মানুষের জানমাল ও বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ বিপর্যয় নেমে আসার আশঙ্কা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button