আন্তর্জাতিক

যুদ্ধের মুখে মধ্যপ্রাচ্য: প্রবাসীদের ব্যাগ গুছিয়ে প্রস্তুত থাকার জরুরি নির্দেশ…

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার উত্তেজনায় এক ভয়াবহ যুদ্ধাবস্থা বিরাজ করছে। যেকোনো সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় কুয়েত, কাতার, আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে বসবাসরত লাখ লাখ প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে বিশেষ সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য চালু করা হয়েছে পৃথক হটলাইন নম্বর।

কাতারের দোহারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে দেশটিতে থাকা প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, নিরাপত্তার স্বার্থে কেউ যেন সামরিক স্থাপনার আশেপাশে না যান এবং নিজ নিজ বাসস্থানে অবস্থান করেন। পরিস্থিতি যেকোনো দিকে মোড় নিতে পারে—এমন আশঙ্কা থেকে প্রবাসীদের সবসময় সাথে নগদ টাকা, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার এবং শুকনো খাবার মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হতেও অনুরোধ করা হয়েছে।

একই ধরনের কঠোর নির্দেশনা জারি করেছে আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে থাকা বাংলাদেশ দূতাবাসগুলো। এসব দেশে অবস্থানরত প্রবাসীদের খোলা আকাশের নিচে অবস্থান না করতে এবং বড় কোনো জনসমাগম বা জামায়েতে অংশ না নিতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এছাড়া কাতারের প্রচলিত আইন অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি বা ভিডিও আপলোড করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এমন কাজ করলে কঠোর আইনি ব্যবস্থার মুখে পড়তে পারেন প্রবাসীরা।

মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির কারণে প্রবাসীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জরুরি প্রয়োজনে নিচের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে:

কাতার: +৯৭৪৩৩৬৬২০০০
বাহরাইন: +৯৭৩৩৩৩৭৫১৫৫
আরব আমিরাত: +৯৭১২৪৪৬৫১০০
ইরাক: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button