মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধাবস্থা: বন্ধ আকাশসীমা, ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত

মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা ও শক্তিশালী বিস্ফোরণের জেরে চরম অস্থিরতা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় পাঁচটি দেশ তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এর সরাসরি প্রভাবে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতির কারণে সব ফ্লাইট স্থগিত রাখতে হচ্ছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
মূলত তেহরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে কয়েক দফা আলোচনার পর আজ শনিবার সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ ইরানের পাঁচটি গুরুত্বপূর্ণ শহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এর পাল্টা জবাব দিতে ইসরায়েল ও আশপাশের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই পাল্টাপাল্টি হামলার প্রভাবে বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবের মতো দেশগুলোতেও শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
নিরাপত্তার স্বার্থে দেশগুলো তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় হাজার হাজার প্রবাসী ও সাধারণ যাত্রী ঢাকা বিমানবন্দরে আটকা পড়েছেন। বিশেষ করে যারা কর্মস্থলে ফেরার অপেক্ষায় ছিলেন, তারা পড়েছেন চরম অনিশ্চয়তায়। যুদ্ধ পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা এবং দেশের রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে।





