আন্তর্জাতিক

তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে আগ্রহী পাক প্রধানমন্ত্রী!

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই বার্তা দেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির ফিলিস্তিনবিষয়ক কার্যনির্বাহী সভার ফাঁকে দুই পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সাক্ষাতকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার অতীতের সাক্ষাতের কথা স্মরণ করেন।

ইসহাক দার জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবং তিনি ঢাকায় আসতে চান। শাহবাজ শরিফ আরও বলেন, নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাবে। তিনি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের ভূয়সী প্রশংসা করেন। এই গুরুত্বপূর্ণ সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

পাকিস্তান প্রধানমন্ত্রীর এই আগ্রহ দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে শীতল থাকা সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই সম্ভাব্য সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হবে কিনা, তা দেখার অপেক্ষায় আছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button