রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা: ইরান নয়, ইসরাইলের দিকে ইঙ্গিত IRGC’র!

সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনায় ইরান নয়, বরং ইসরাইলের দিকে সন্দেহের তীর তুলেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গত ৩ মার্চ সংঘটিত এই হামলার সঙ্গে নিজেদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জোরভাবে জানিয়েছে আইআরজিসি। সংস্থার দাবি, এই হামলা ইসরাইল পরিচালনা করেছে।
এই বক্তব্য এসেছে দ্য ওয়ালস্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পর। সেখানে দাবি করা হয়েছিল, ইরানের এই হামলা সৌদি কর্তৃপক্ষ যে পরিমাণ ক্ষয়ক্ষতির কথা বলেছিল, তার চেয়ে অনেক বেশি ছিল। প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় যেখানে সীমিত অগ্নিকাণ্ড ও সামান্য ক্ষয়ক্ষতির কথা বলেছিল, সেখানে বাস্তবে আগুনটি কয়েক ঘণ্টা ধরে জ্বলেছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে।
আইআরজিসি ওই প্রতিবেদনের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই হামলার সঙ্গে ‘ইরানের সশস্ত্র বাহিনীর কোনো সম্পর্কই নেই’। বরং অঞ্চলের কৌশলগত পরিস্থিতি বিবেচনায় এটি ‘নিশ্চিতভাবেই জায়নিস্টদের কাজ’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, ‘জায়নিস্ট শাসনের’ আঞ্চলিক ষড়যন্ত্র সম্পর্কে মুসলিম দেশগুলোকে সতর্ক থাকতে হবে এবং প্রতিবেশী দেশগুলোর জন্য ‘আমেরিকান-জায়নিস্ট চক্রান্তের মাধ্যমে অঞ্চলকে অস্থিতিশীল ও ধ্বংস করার প্রচেষ্টা’ মোকাবিলায় সজাগ থাকা জরুরি।





