ইরানে যুদ্ধবিমান ভূপাতিত! মার্কিন পাইলটকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

ইরানের আকাশে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ এক ক্রুকে খুঁজতে তল্লাশি অব্যাহত রেখেছে মার্কিন বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত হওয়ার পর ইরানের নিরাপত্তা বাহিনীও এটির ক্রুকে খুঁজে পেতে তল্লাশি চালাচ্ছে। জানা গেছে, ভূপাতিত হওয়া একটি বিমানের একজন ক্রুকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয় ক্রু সদস্যের সন্ধান এখনো চলছে।
ইরান একই সাথে পারস্য উপসাগরের ওপর আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। মার্কিন সংবাদমাধ্যম বলছে, প্রথম বিমানটির উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালির কাছে এ-১০ যুদ্ধবিমান লক্ষ্য করে গুলি করা হয়, তবে বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
এই ঘটনার জের ধরে তেহরান, সিরিয়া সহ পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অব্যাহতভাবে হামলার শব্দ শোনা যাচ্ছে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরাইলি হামলায় ইরানের ইস্পাত শিল্পের ৭০ ভাগ উৎপাদন ক্ষমতা ধ্বংস হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর থেকে পেন্টাগন ৩৬৫ জন মার্কিন সেনার আহত হওয়ার খবর নিশ্চিত করেছে।
দক্ষিণ ইরানের আকাশে একটি মার্কিন বিমানকে দুটি হেলিকপ্টারের সাথে উড়তে দেখা গেছে, যা ভূপাতিত এফ-১৫ যুদ্ধবিমানের ক্রুদের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছিল। বিবিসি ভেরিফাইয়ের নিশ্চিত করা একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, এই অভিযানে একজন ক্রুকে উদ্ধার করা হয়েছে।
খুঁজেস্তান প্রদেশে একটি মার্কিন বিমান এবং দুটি হেলিকপ্টার যুদ্ধবিমানের ক্রুদের সন্ধান করছে। তল্লাশি অভিযান চলাকালে ইসরাইলি সামরিক বাহিনী ওই এলাকায় হামলা স্থগিত রেখেছে বলেও খবর পাওয়া গেছে। এই ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে।





