আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতুতে হামলা! ৮ জনের মৃত্যু, আহত ৯৫

ইরানের আলবোরজ প্রদেশের করাজ শহরে অবস্থিত মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সেতু ‘বি১ সেতু’তে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর হামলায় ৮ জন নিহত এবং ৯৫ জন আহত হয়েছেন। প্রাদেশিক গভর্নর কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে। আঞ্চলিক কর্মকর্তাদের বরাতে জানা যায়, নিহতদের মধ্যে আলবোরজের বিলঘান গ্রামের বাসিন্দা, পথচারী এবং প্রকৃতি দিবস উদযাপন করতে আসা পরিবারগুলোও রয়েছেন। তেহরান থেকে করাজগামী পথে অবস্থিত এই সেতুটি গুরুত্বপূর্ণ মহাসড়কে হওয়ায় হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ইরান জানিয়েছে, আঞ্চলিক সেতুগুলোকে এখন ‘বৈধ লক্ষ্য’ হিসেবে বিবেচনা করা হবে। দেশটির দাবি, এই হামলার লক্ষ্য ছিল একটি বেসামরিক অবকাঠামো, যার কোনো সামরিক ব্যবহার নেই। হামলার প্রতিক্রিয়ায় ইরানের একটি হ্যাকার গ্রুপ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অবস্থিত শেখ জায়েদ ব্রিজে হামলার হুমকি দিয়েছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরাইল পরিকল্পিতভাবে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলা চালিয়ে জনমনে ভীতি সৃষ্টি এবং দেশের শিল্প সক্ষমতা দুর্বল করার চেষ্টা করছে। এর আগে খুজস্তান, ইসফাহান, চাহারমাহাল ও বাখতিয়ারি প্রদেশের স্টিল কারখানা, রেড ক্রিসেন্টের ওষুধ কারখানা, বিদ্যুৎ উপকেন্দ্র এবং তেহরানের চেম্বার অব কমার্স ভবনেও হামলার ঘটনা ঘটেছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত ২,৭৬৬ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২১৬ জন শিশু।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button