সৌদি যুবরাজ ও পুতিনের ফোনালাপ: মধ্যপ্রাচ্যে কি ঘটতে চলেছে?

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে রাজনৈতিক ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি দু’নেতার মধ্যে হওয়া এক ফোনালাপে তারা দ্রুত যুদ্ধবিরতি এবং দীর্ঘমেয়াদি সমাধানের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষ শত্রুতা বন্ধ ও স্থায়ী সমাধান অর্জনে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।
এই ফোনালাপকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এর আগে ইউক্রেন সৌদি আরবের সঙ্গে একটি বিমান প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে। ইউক্রেন ইরানের তৈরি শাহেদ ড্রোনের হামলা মোকাবিলায় তাদের অভিজ্ঞতা ব্যবহার করতে চাইছে। অন্যদিকে, উপসাগরীয় দেশগুলোয় ব্যবহৃত ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের বিনিময়ে তারা তুলনামূলক কম খরচের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি সরবরাহের প্রস্তাব দিয়েছে।
আলোচনায় পুতিন ও সৌদি যুবরাজ উভয়েই সীমান্ত সংকট এবং জ্বালানি উৎপাদন ও পরিবহনে সৃষ্ট সমস্যার কথা উল্লেখ করেন, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার ওপর বিরূপ প্রভাব ফেলছে।





