আন্তর্জাতিক

হরমুজ প্রণালীতে অভিনব অবরোধ! সাগরে আটকা ২১৯০ জাহাজ, ২০ হাজার নাবিকের কী হবে?

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। ইরানের কঠোর অবরোধের মুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ৩২০টি তেল ও গ্যাস ট্যাঙ্কারসহ অন্তত ২ হাজার ১৯০টি বাণিজ্যিক জাহাজ আটকা পড়েছে। ম্যারিন ডেটা অনুযায়ী, জাহাজগুলো পারস্য উপসাগরের মাঝে আটকা পড়েছে এবং বের হওয়ার পথ প্রায় রুদ্ধ।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘কেপলার’ জানিয়েছে, আটকা পড়া জাহাজগুলোর মধ্যে ৫০টি অপরিশোধিত তেলবাহী এবং ১২টি তরল গ্যাস পরিবাহী বড় জাহাজ রয়েছে। যেখানে স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১২০টি জাহাজ চলাচল করে, সেখানে মাত্র ৬টি জাহাজ এই প্রণালি পার হতে পেরেছে। অভিযোগ উঠেছে, ইরান প্রতিটি জাহাজ পার করে দেওয়ার জন্য ২০ লাখ ডলার পর্যন্ত ফি আদায় করছে। নৌ-চালকরা এই জলপথকে ‘তেহরান টোল বুথ’ হিসেবে অভিহিত করছেন। তবে মালয়েশিয়ার মতো ‘বন্ধুপ্রতীম’ দেশগুলোর জাহাজের ক্ষেত্রে এই টোল মওকুফ করা হতে পারে বলে ইরান ইঙ্গিত দিয়েছে।

এই সংকটে প্রায় ২০ হাজার নাবিক পারস্য উপসাগরের উত্তাল সমুদ্রে আটকা পড়ে আছেন। মাইন, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে অনেক জাহাজ রাতে অথবা ট্র্যাকার বন্ধ করে চলাচল করার চেষ্টা করছে। যুক্তরাজ্য এরইমধ্যে এই সংকট নিরসনে ৩৫টি দেশের সঙ্গে জরুরি বৈঠকের ডাক দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন, অন্যথায় কঠোর সামরিক পদক্ষেপের মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button