হুতিদের নতুন হুমকি! কখন বন্ধ হয়ে যাবে বিশ্ব বাণিজ্যের এই পথ?

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মোড় নিয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে চরম চাপে ফেলতে বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে। এটি বন্ধ হয়ে গেলে বিশ্ব বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ রুট অবরুদ্ধ হয়ে পড়বে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে।
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরান পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। এবার হুতিরা ইসরাইল-যুক্তরাষ্ট্রের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি দিয়েছে।
আলজাজিরার খবর অনুযায়ী, হুতিদের এই পদক্ষেপের ফলে দক্ষিণ ইসরাইলে তাদের হামলা আরও তীব্র হয়েছে। হুতি নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইসরাইলের অংশগ্রহণ বন্ধ করা।
হুতিদের শীর্ষ নেতা মোহাম্মদ আল-বুখাইতি ইঙ্গিত দিয়েছেন যে, সংঘাত আরও বাড়ানোর জন্য তাদের হাতে আরও অনেক কৌশল রয়েছে। এর মধ্যে বাব আল-মান্দেব প্রণালি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া একটি বড় পদক্ষেপ হতে পারে।
এই হুমকি বাস্তবায়ন হলে বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খলে মারাত্মক প্রভাব পড়বে এবং আন্তর্জাতিক বাজারে এর সুদূরপ্রসারী প্রভাব পড়বে।





