মধ্য ইরানে ইসরাইলি হামলায় যা ঘটল… কুদস ফোর্সের প্রধান প্রকৌশলী নিহত

মধ্য ইরানে ইসরাইলি হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান প্রকৌশল কর্মকর্তা নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনীর দাবি, মঙ্গলবার মধ্য ইরানের মাহাল্লাতে এই হামলা চালানো হয়। নিহত প্রকৌশলীর নাম মাহদি ওয়াফাই, যিনি আইআরজিসি কুদস ফোর্সের লেবানন কোরের প্রধান প্রকৌশলী হিসেবে পরিচিত ছিলেন।
ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মাহদি ওয়াফাই দুই দশক ধরে লেবানন ও সিরিয়ায় ‘গোপন প্রকল্প’ বাস্তবায়নে জড়িত ছিলেন। এর মধ্যে হিজবুল্লাহর জন্য অবকাঠামো নির্মাণ এবং অস্ত্রাগার ব্যবস্থাপনাও অন্তর্ভুক্ত ছিল। আইডিএফ দাবি করেছে, ওয়াফাই সিরিয়ায় হিজবুল্লাহ এবং বাশার আল-আসাদ সরকারের জন্য ভূগর্ভস্থ অবকাঠামো স্থাপনের প্রচেষ্টায় নেতৃত্ব দিয়েছিলেন। তিনি লেবাননে উন্নত অস্ত্র মজুদের জন্য ব্যবহৃত কয়েক ডজন ভূগর্ভস্থ প্রকল্পও পরিচালনা করেছেন।
এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।





