এপস্টেইন নথিতে হকিং: বিকিনি পরা নারীদের সঙ্গে ছবি ভাইরাল

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি জেফরি এপস্টেইনকে ঘিরে যৌন পাচার সংক্রান্ত তদন্তের লাখ লাখ নথি প্রকাশ করেছে। এসব নথিতে বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের নাম উঠে আসার ধারাবাহিকতায় এবার ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের একটি ছবি প্রকাশ পেয়েছে, যা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবিতে দেখা যাচ্ছে, স্টিফেন হকিং একটি সান লাউঞ্জারে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছেন। তার হাতে ছিল ককটেল এবং তার দুই পাশে বিকিনি পরা অবস্থায় দুইজন নারীও পানীয় হাতে অবস্থান করছিলেন।
দ্য ইন্ডিপেন্ডেন্ট ও দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি ২০০৬ সালের। সেসময় এপস্টেইনের অর্থায়নে আয়োজিত একটি বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিতে স্টিফেন হকিং ভার্জিন দ্বীপপুঞ্জে গিয়েছিলেন। সেখানে তিনি কোয়ান্টাম কসমোলজির ওপর ভাষণ দিয়েছিলেন। ওই সফরে স্টিফেন হকিং সহ ২১ জন বিজ্ঞানী সেন্ট থমাস দ্বীপ ও এপস্টেইনের ব্যক্তিগত দ্বীপ লিটল সেন্ট জেমসে অবস্থান করেছিলেন বলে জানা গেছে। পাঁচ তারকা রিটজ-কার্লটন হোটেলেই ওই আয়োজন অনুষ্ঠিত হয়েছিল।
প্রকাশিত নথিগুলো স্পষ্টভাবে জানিয়েছে যে, এতে কারও নাম আসার অর্থ এই নয় যে তিনি এপস্টেইনের অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন। তবে, এপস্টেইনের যৌন দাসত্বের শিকার হওয়া ভার্জিনিয়া জিউফ্রে অতীতে অভিযোগ করেছিলেন যে, স্টিফেন হকিং অপ্রাপ্তবয়স্কদের সঙ্গে দলবদ্ধ যৌনতায় (অর্গি) অংশ নিয়েছিলেন। যদিও ২০২৫ সালের এপ্রিলে আত্মহত্যা করা জিউফ্রের এই দাবিটির কোনো প্রমাণ এখনো মেলেনি। এই ছবি ছাড়াও স্টিফেন হকিংকে এপস্টেইনের ক্যারিবিয়ান দ্বীপে তোলা আরও কিছু ছবিতে দেখা গেছে।
জীবনের দীর্ঘ বছর মোটর নিউরন রোগে ভোগার পর ২০১৮ সালে ৭৬ বছর বয়সে মারা যান এই কিংবদন্তী বিজ্ঞানী। এপস্টেইন কেলেঙ্কারির নথিগুলো প্রকাশের পর স্টিফেন হকিংয়ের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বের নাম উঠে আসায় নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনা প্রভাবশালীদের সঙ্গে এপস্টেইনের গভীর ও বিস্তৃত সম্পর্কের বিষয়টি আবারও সামনে আনছে।





