ইরানে যা ঘটল! ইউরোপের নতুন সিদ্ধান্তে ফের বিপাকে

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আবারো নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, এসব নিষেধাজ্ঞা আগামী ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় এবার যোগ হয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং ইরানে নির্দিষ্ট কিছু সরঞ্জাম রপ্তানির উপর কড়াকড়ি। এই সরঞ্জামগুলো ব্যবহার করে অভ্যন্তরীণ দমন-পীড়ন বা নাগরিকদের উপর নজরদারি চালানো হতে পারে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, এখন থেকে ইউরোপীয় ইউনিয়নের কোনো নাগরিক বা প্রতিষ্ঠান নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তি ও সংস্থাগুলোর কাছে কোনো প্রকার অর্থ বা সম্পদ সরবরাহ করতে পারবে না। বর্তমানে নিষেধাজ্ঞার তালিকায় মোট ২৬২ জন ব্যক্তি এবং ৫৩টি সংস্থা রয়েছে। সম্প্রতি তালিকা থেকে একজন মৃত ব্যক্তির নাম বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন প্রথম এই নিষেধাজ্ঞা আরোপ করে ২০১১ সালে এবং এরপর থেকে প্রতি বছরই এর মেয়াদ নবায়ন করে আসছে।





