হুতিদের বড় হুমকি! বিশ্ববাজারে তেলের দাম বাড়ার আশঙ্কা, ব্যাপক ধ্বস নামতে পারে অর্থনীতিতে?

লোহিত সাগর দিয়ে তেল রপ্তানি বন্ধের জন্য বাব আল-মান্দেব প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে হুতি সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তাদের ভাষ্যমতে, এটি তাদের হাতে থাকা বিকল্পগুলোর মধ্যে একটি। ইয়েমেন ও আফ্রিকার হর্ন অঞ্চলের মাঝে অবস্থিত এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে তেলের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
হুতিদের তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ মানসুর জানিয়েছেন, প্রণালীটি বন্ধ করার বিষয়টি তাদের বিবেচনায় রয়েছে। বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় ১২ শতাংশ এই পথ দিয়ে যাতায়াত করে। এর সঙ্গে যদি হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিক সময়ে তেল পরিবহন (যা শতকরা ২০ ভাগ) যোগ করা হয়, তাহলে দুই প্রণালী বন্ধ হলে প্রায় ৩২ শতাংশ তেলের সরবরাহ বিঘ্নিত হবে। ইরান হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় সৌদি আরব পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে বিকল্প পথে তেল রপ্তানি চালিয়ে আসছে, যা তেলের দাম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মানসুর বলেন, বাব আল-মান্দেব প্রণালী বন্ধের বিষয়টি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। খুব শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে এক বড় ধাক্কা দিতে পারে।





