কেনিয়ার বন্যার ভয়াবহ চিত্র: মৃতের সংখ্যা বেড়ে ১০৮, যা ঘটল রাতে!

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ বৃষ্টি ও বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে। শনিবার দেশটির জাতীয় পুলিশ পরিষেবা এ তথ্য জানায়। ৬ মার্চ থেকে শুরু হওয়া আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পানির তোড়ে বহু গাড়ি ভেসে গেছে, বিমান ভ্রমণ বিঘ্নিত হয়েছে আর বৈদ্যুতিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার কারণে দেশজুড়ে ২৭০০-র বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে। কিছু এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কমলেও নিষ্কাশন ব্যবস্থা উপচে পড়া ও জলাবদ্ধতা থেকে বন্যা দেখা দেওয়ার ঝুঁকি রয়ে গেছে বলে পুলিশ সতর্ক করেছে। রাজধানী নাইরোবিতে শুধু ৬ ও ৭ মার্চ রাতভর প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়। এরপর থেকে পুরো মাসজুড়ে কেনিয়ায় ভারি বৃষ্টি ও বন্যাজনিত ক্ষয়ক্ষতি বাড়তে থাকে।
আবহাওয়া ও পরিবেশ বিজ্ঞানীদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে পূর্ব আফ্রিকাজুড়ে বন্যা ও খরা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। অল্প সময়ে অতিমাত্রায় বৃষ্টি হওয়ার প্রবণতা বাড়ছে। জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলে বিধ্বংসী বৃষ্টির আশঙ্কা আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে বলে এক গবেষণায় জানা গেছে।





