আন্তর্জাতিক
ইরান ছাড়ছে পারমাণবিক চুক্তি? বড় সিদ্ধান্তের আভাস!

আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি (NPT) থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, চুক্তি থেকে কোনো সুবিধা না পাওয়ায় এতে ইরানের সদস্যপদ বজায় রাখার কোনো মানে নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, NPT ইরানকে হামলা থেকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই বলেও তিনি স্পষ্ট করেছেন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালকের একটি মন্তব্যকে ‘উস্কানিমূলক ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে রেজাই বলেন, এই চুক্তি থেকে বেরিয়ে আসার এখনই সময় এসেছে।





